MD. SAZZAD HOSSAIN

MD. SAZZAD HOSSAIN
I'm a professional freelancer working in the marketplace for a long time

আগমনী

 

আগমনী 
- কাজী নজরুল ইসলাম
একি     রণ-বাজা বাজে ঘন ঘন–
ঝন      রনরন রন ঝনঝন!
সেকি    দমকি দমকি
ধমকি ধমকি
দামা-দ্রিমি-দ্রিমি গমকি গমকি
ওঠে চোটে চোটে,
ছোটে লোটে ফোটে
বহ্নি-ফিনিকি     চমকি   চমকি
ঢাল-তলোয়ারে খনখন!
একি    রণ-বাজা বাজে ঘন ঘন
রণ    ঝনঝন ঝন রণরণ!
হৈ       হৈ রব
ঐ       ভৈরব
হাঁকে,   লাখে লাখে
ঝাঁকে   ঝাঁকে ঝাঁকে
লাল     গৈরিক-গায় সৈনিক ধায় তালে তালে
ওই      পালে পালে,
ধরা কাঁপে দাপে।
জাঁকে    মহাকাল কাঁপে থরথর!
রণে     কড়কড় কাড়া-খাঁড়া-ঘাত,
শির পিষে হাঁকে রথ-ঘর্ঘর-ধ্বনি ঘররর!
'গুরু   গরগর' বোলে ভেরী তূরী,
'হর    হর হর'
করি চীৎকার ছোটে সুরাসুর-সেনা হনহন!
ওঠে ঝন্‌ঝা ঝাপটি দাপটি সাপটি
হু-হু-হু-হু-হু-হু-শনশন!
ছোটে  সুরাসুর-সেনা হনহন!
তাতা   থৈথৈ তাতা থৈথৈ খল খল খল
নাচে   রণ-রঙ্গিণী সঙ্গিনী সাথে,
ধকধক জ্বলে জ্বলজ্বল
বুকে   মুখে চোখে রোষ-হুতাশন!
রোস্ কোথা শোন্!
ঐ ডম্বরু-ঢোলে ডিমিডিমি বোলে,
ব্যোম মরুৎ স-অম্বর দোলে,
মম-বরুণ কী কল-কল্লোলে চলে উতরোলে
ধ্বংসে মাতিয়া     তাথিয়া তাথিয়া
নাচিয়া রঙ্গে! চরণ-ভঙ্গে
সৃষ্টি সে টলে টলমল!
ওকি   বিজয়-ধ্বনি সিন্ধু গরজে কলকল কল কলকল!
ওঠে    কোলাহল,
কূট      হলাহল
ছোটে   মন্থনে পুন রক্ত-উদধি,
ফেনা-বিষ ক্ষরে গলগল!
টলে   নির্বিকার সে বিধাত্রীরো গো
সিংহ-আসন টলমল!
কার   আকাশ-জোড়া ও আনত-নয়ানে
করুণা-অশ্রু ছলছল!

বাজে   মৃত সুরাসুর-পাঁজরে ঝাঁজর ঝম্‌ঝম

নাচে   ধূর্জটি সাথে প্রমথ ববম্ বম্‌বম্!

লাল    লালে-লাল ওড়ে ঈশানে নিশান যুদ্ধের,

ওঠে   ওঙ্কার রণ-ডঙ্কার,

নাদে   ওম্ ওম্ মহাশঙ্খ বিষাণ রুদ্রের!

ছোটে   রক্ত-ফোয়ারা বহ্নির বান রে!

কোটি   বীর-প্রাণ

ক্ষণে    নির্বাণ

তবু    শত সূর্যের জ্বালাময় রোষ

              গমকে শিরায় গম্‌গম্!
ভয়ে   রক্ত-পাগল প্রেত পিশাচেরও
              
শিরদাঁড়া করে চন্‌চন্!
যত    ডাকিনী যোগিনী বিস্ময়াহতা,
              
নিশীথিনী ভয়ে থম্‌থম্!
বাজে  মৃত সুরাসুর-পাঁজরে ঝাঁঝর ঝম্‌ঝম্!

ঐ অসুর-পশুর মিথ্যা দৈত্য-সেনা যত

হত আহত করে রে দেবতা সত্য!

        স্বর্গ, মর্ত, পাতাল, মাতাল রক্ত-সুরায়;
ত্রস্ত বিধাতা,
মস্ত পাগল পিনাক-পাণি স-ত্রিশূল প্রলয়-হস্ত ঘুরায়!
                              
ক্ষিপ্ত সবাই রক্ত-সুরায়!

চিতার উপরে চিতা সারি সারি,

চারিপাশে তারি
              
ডাকে কুক্কুর গৃহিনী শৃগাল!
              
প্রলয়-দোলায় দুলিছে ত্রিকাল!
              
প্রলয়-দোলায় দুলিছে ত্রিকাল!!
আজ   রণ-রঙ্গিণী জগৎমাতার দেখ্ মহারণ,
        
দশদিকে তাঁর দশ হাতে বাজে দশ প্রহরণ!
                    
পদতলে লুটে মহিষাসুর,
        
মহামাতা ঐ সিংস-বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে–
        
শাশ্বত নহে দানব-শক্তি, পায়ে পিষে যায় শির পশুর!
                          
‌‌'নাই দানব
                          
নাই অসুর,–
                          
চাইনে সুর,
                          
চাই মানব!'–
              
বরাভয়-বাণী ঐ রে কার
              
শুনি, নহে হৈ রৈ এবার!

ওঠ্ রে ওঠ্,

                              ছোট্ রে ছোট্!
                              
শান্ত মন,
                              
ক্ষান্ত রণ!–

খোল্ তোরণ,

                             চল্ বরণ
                            
করব্ মা'য়;
                            
ডর্‌ব কায়?
            
ধরব পা'য় কার্ সে আর,
            
বিশ্ব-মা'ই পার্শ্বে যার?
আজ   আকাশ-ডোবানো নেহারি তাঁহারি চাওয়া,
ঐ     শেফালিকা-তলে কে বালিকা চলে?
        
কেশের গন্ধ আনিছে আশিন-হাওয়া!
        
এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ঐ,
                
সরসিজ-নিভ শুভ্র বালিকা
      
এল বীণা-পাণি অমলা ঐ!

এসেছে গনেশ,

                    এসেছে মহেশ,
                    
বাস্‌রে বাস্!
                    
জোর উছাস্!!
      
এল সুন্দর সুর-সেনাপতি,
      
সব মুখ এ যে চেনা-চেনা অতি!
      
বাস্ রে বাস্‌   জোর উছাস্!!

হিমালয়! জাগো! ওঠো আজি,

                  তব সীমা লয় হোক।
      
ভুলে যাও শোক– চোখে জল ব'ক
      
শান্তির– আজি শান্তি-নিলয় এ আলয় হোক!
            
ঘরে ঘরে আজি দীপ জ্বলুক!
            
মা'র আবাহন-গীত্ চলুক!
                
দীপ জ্বলুক!
                
গীত চলুক!!
আজ   কাঁপুক মানব-কলকল্লোলে কিশলয় সম নিখিল ব্যোম্!
                    
স্বা-গতম্!
                    
স্বা-গতম্!!
                    
মা-তরম্!
                    
মা-তরম্!!
      
ঐ ঐ ঐ বিশ্ব কণ্ঠে
      
বন্দনা- বাণী লুণ্ঠে-'বন্দে মাতরম্!!!

 

Post a Comment

0 Comments